| বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার |
পাঁচ ম্যাচে বল খেলেছেন ১১০টি, রান তুলেছেন ১৭৮। ফরচুন বরিশালের ফাইনালে ওঠার পেছনে ময়মনসিংহের এই মারকুটে ব্যাটসম্যানের অবদান রয়েছে, বিশেষত শেষ চার ম্যাচে তুলেছেন ২৫ বলে ৪৫, ২৮ বলে ৫১, ২৫ বলে ৩৭ এবং ৩০ বলে ৪৪। ১৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে হার্ড হিটার হিসেবে সুপরিচিত ক্রিস গেইলের সাথে ওপেন করতে নামেন মুনিম, ক্যারিয়ারের প্রায় শেষ বেলায় দাঁড়িয়ে ক্রিস গেইল এখন আগের মতো বোলারদের ওপর দাপট দেখাতে পারেন না, অন্তত এই বিপিএলে দেখা যায়নি, দায়িত্ব নিয়ে গেইলের অভাব পূরণ করেছেন মুনিম।
মুনিম বলেন, গেইলের সাথে ব্যাট করতে নেমে বিশেষ কিছু মনে হয় না। ছোটবেলা থেকেই ক্রিকেট পেশাদারিত্বের সাথে খেলবেন এমন একটা মনোভাব নিয়েই মাঠে নেমেছেন।‘যখন মাঠে নামি অনেক বিষয়ই মাথায় থাকে না, শুধু বোলার ও আমি থাকে, বলের দিকেই ফোকাস থাকে।’তবে আমুদে স্বভাবের গেইলের কাছে উপভোগ করাটা শিখছেন মুনিম শাহরিয়ার।‘ওর সাথে যতক্ষণ কথা হয় বলেন খেলাটা এনজয় করার কথা।’
ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছেন মুনিম, সেখানেও তিনি কোচ হিসেবে পেয়েছেন খালেদ মাহমুদ সুজনকে। নির্দিষ্ট রান না পেলে, পরিসংখ্যান ভালো না থাকলে বাংলাদেশে টিম ম্যানেজমেন্টের নজরে পড়া কঠিন। কিন্তু মুমিনের মতে,
খালেদ মাহমুদ সুজন তাকে ‘নিজের মতো খেলার’ সুযোগ দিয়েছেন।সাকিব আল হাসানের দলে খেলছেন তিনি, মুনিমের মতে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারের সাথে খেললে যে কোনো তরুণ কারো চাপ কমে যায়, ‘নির্ভার একজন মানুষ। ইতিবাচক ছাড়া কোনো চিন্তা করেন না।
যতটুকু যা বলার সোজাসাপ্টা সামনেই বলে দেন।’ডাকনাম জুম্মন, ময়মনসিংহে টেপ টেনিস ক্রিকেটে সুপরিচিত নাম ছিলেন দীর্ঘদিন, সেখান থেকে বাংলাদেশের শীর্ষ টি-টোয়েন্টি লিগে আসার পথটা মুনিম তৈরি করে নিয়েছেন, তিনি মনে করেন, ক্রিকেট যে খেলবেন এটা তিনি জানতেন, কেবল খেলে গেছেন নিজের মতো করে।
প্লে অফে খেলা নিশ্চিত হওয়ার পর সাকিব আল হাসান আলাদাভাবেই মুনিমের প্রশংসা করে বলেন, ‘এই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।’জাতীয় দলে খেলবেন কি না তা এখনই বলা মুশকিল। কিন্তু মুনিম ইতোমধ্যে তারকাখ্যাতি পেয়ে গেছেন।
সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাথিরা জাকির জেসিও মনে করেন, যেসব ক্রিকেটার এবার আলাদা করে নজর কেড়েছেন তাদের মধ্যে মুনিম শাহরিয়ার থাকবেন।‘মুনিমের ব্যাটিংয়ের ধরনটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না। কোনো রাখঢাক নেই।’
0 মন্তব্যসমূহ